এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় আকস্মিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি পাঞ্জাবি ও টুপির মার্কেট পরিদর্শন করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে এমপি সালাহ উদ্দিন আইয়ুবী জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৩ থেকে ১২ বান ঢেউটিন এবং জনপ্রতি ৭ হাজার ৫'শ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাদের টিনের প্রয়োজন নেই, তাদের জন্য বিকল্প সহায়তার বিষয়েও জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে অতিরিক্ত ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বরাদ্দ বাড়ানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে আপাতত নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত সহায়তা পাওয়া কঠিন বলে ব্যবসায়ীদের অবহিত করেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্যে সংসদ সদস্য বলেন, ব্যবসায় জীবনে উত্থান-পতন থাকলেও হালাল উপার্জনের জন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। তিনি নিজের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিগ্রস্তদের মনোবল না হারানোর আহ্বান জানান এবং একজন ভাই হিসেবে সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, সম্প্রতি চালু হওয়া এই পাঞ্জাবি ও টুপির মার্কেটটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে পরিচিতি লাভ করেছিল। কিন্তু আকস্মিক বিপর্যয়ে মার্কেটটির বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও পুনরায় ব্যবসা শুরু করতে ব্যবসায়ীদের কিছু সময় অপেক্ষা করতে হবে।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ঘুরে দাঁড়ানো, রুজি-রোজগারে বরকত এবং ক্ষতি কাটিয়ে পুনরায় ব্যবসা শুরু করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।