এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):
গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রাম থেকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
এ ঘটনায় অভিযুক্ত মো. আলমগীর হোসেন (৩০) উপজেলার সালদৈ গ্রামের মোতালিবের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে ছোট ভাইয়ের সাথে বাড়িতে ফেরার পথে আলমগীর ভিকটিমকে চকোলেট দেয়ার কথা বলে ওই নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে রাস্তার পাশেই এক নির্জন স্থানের জঙ্গলে নিয়ে যান।
এসময় মেয়েটির ছোট ভাই কান্না করতে করতে বাড়িতে গিয়ে বাবা-মাকে এ ঘটনা বলে। তাৎক্ষণিক লোকজন নিয়ে ছেলের বর্ণিত স্থানে গিয়ে অভিযুক্তকে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে এবং গণধোলাই দেয়। এ সময় শিশুটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। গণধোলাইয়ের সময় অভিযুক্ত আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করেন।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
স্থানীয়রা আরো জানান, অভিযুক্ত আলমগীর এর আগেও এরকম কয়েকটি ঘটনা ঘটিয়েছে। সে সবসময় বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে থাকে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।