এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া-টোক সড়কে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং চালকসহ আরো তিনজন আহত হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কের বড়হর বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারী নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী রুমা আক্তার (৪৫)। নিহত নারী ৯ সন্তানের জননী। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আবুল হোসেন (৪০) জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে সিএনজিটি ঢাকা থেকে পাকুন্দিয়া যাওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। এ সময় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সকালে নিহতের বোন ঘটনাস্থলে এসেছিল। পরে বোনের লাশ দেখতে হাসপাতালে চলে গেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি এখনো খাদে পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে ঢাকা-কিশোরগঞ্জ কাপাসিয়া সড়ক এলাকায় বিভিন্ন স্থানে রাস্তা বেশ আঁকা বাঁকা। এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মহম্মদ আবদুল বারিক পিপিএম জানান, নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।