শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উপজেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে গুলি ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর দুপুরে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, ভোরে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত সোলাইমানকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এসে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। একই সঙ্গে ঘরের জানালা ভাঙচুর করে তারা। আকস্মিক এ হামলায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধ ও বালুমহলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। তারা গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির জানালাও ভাঙচুর করেছে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।