শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম তৌফিক আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন বলেন, হাম ও রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনার জন্য তিনি অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন সুমি জানান, দেশের শিশুদের সুরক্ষায় সরকার এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা প্রদান করছে।
তিনি বলেন, নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। এছাড়া পর্যায়ক্রমে কালিহাতী উপজেলার সকল ইউনিয়নে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার সকল শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।