আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পক্ষের সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরা এলাকার স্যাটার্ন গার্মেন্টস ও হোপলুন ফ্যাক্টরির সামনে ঝুট নামানোকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে সংঘর্ষের সূচনা হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা এবং টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এর আগেও বিএনপির এই দু'পক্ষের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে যে গার্মেন্টসের ঝুট নিয়ে সংঘর্ষ সে মালিক পক্ষের গাফলতি রয়েছে। তারা উভয় পক্ষের সাথে মন রক্ষা করে চলতে চায়। তাদের গাফিলতির কারনে দু'দিন পরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
স্যাটার্ন গার্মেন্টসের কর্তৃপক্ষের একজন জানান, তারা এ সংঘর্ষের ব্যাপারে কিছুই জানেন না। তাদের গার্মেন্টসের সামনে কে বা কারা সংঘর্ষ করছে তাও জানা নাই।
এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে, হালিম মোল্লার ব্যক্তিগত সহকারী জানান, “হালিম মোল্লা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।