আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এ অবরোধ বেলা ৩টার দিকে শেষ হয়।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৫) নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বাঁশপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদে মহাসড়ক পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যস্ত এই মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বাঁশপট্টি এলাকায় আধুনিক ফুটওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস এবং দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রতিদিন এই মহাসড়ক পারাপার হতে হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই তাদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে।
পরে গাজীপুর সিটি প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।