কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে তৃণমূলের মাটি ও মানুষের নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খাঁন চুন্নুর মনোনয়ন বাতিল করার পর থেকেই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
জানা যায়, চুন্নুর পরিবর্তে এ আসনে মাজহারুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দল। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৭ই ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হওয়া সমাবেশে শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খাঁন চুন্নু। তিনি অবিলম্বে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়াও, সমাবেশে বক্তব্য রাখেন ভিপি সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এবং শেখ শাহীন খান। বক্তারা সকলেই দলের এই আকস্মিক সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জোর দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে চুন্নুর সমর্থকরা একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তাদের দাবি, তৃণমূলের জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে, এবং অবিলম্বে রেজাউল করিম খাঁন চুন্নুর মনোনয়ন পুনর্বহাল করতে হবে।
তৃণমূলের এই বিক্ষোভের মুখে দলীয় হাইকমান্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন সবার নজর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।