মাভাবিপ্রবি প্রতিনিধি:মো:সাদমান হোসাইন সাজিদ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৭ম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৫।
ছাত্র, ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্মুক্ত এই আয়োজনে মোট ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, রিলে দৌড়, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফসহ নানামুখী রোমাঞ্চকর ইভেন্ট।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশ নিলেও অসাধারণ পারফরম্যান্সে সবার নজর কাড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তাদের দারুণ সাফল্যে বিভাগজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।
“Best Athlete” খেতাব জয় করেন মেকানিক্যালের তাবাসসুমা আক্তার!
বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তাবাসসুমা একাধারে তিনটি ইভেন্টে পদক জিতে আলোচনায় আসেন। তিনি ছাত্রীদের মধ্যে বর্শা নিক্ষেপে ১ম, লাফ–ধাপ–ঝাপে ১ম, এবং চাকতি নিক্ষেপে ৩য় স্থান অর্জন করেন।
তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ছাত্রীদের মধ্যে ‘সেরা খেলোয়াড় (Best Athlete)’ নির্বাচিত হন যা বিভাগ ও বিশ্ববিদ্যালয় দুটোকেই গৌরবের আলোয় ভাসিয়ে দেয়।
এছাড়া প্রথম ব্যাচের মো. সাদমান হোসাইন সাজিদ ১০০ মিটার দৌড়ে ৩য়, রাউফুর রহমান রেশাদ ৪০০ মিটার রিলে দৌড়ে ৩য়, দ্বিতীয় ব্যাচের সাব্বির হাওলাদার ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে ৩য়, এবং আকাশ মিয়া ৮০০ মিটারে ১ম ও ৪০০ মিটার রিলে দৌড়ে ৩য় স্থান অর্জন করেন।
সব মিলিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবারের প্রতিযোগিতায় ১০টি পদক অর্জন করে।
বিভাগের এমন ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসজুড়ে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ উভয়েই শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনের প্রশংসা করেন।
> “বিশ্ববিদ্যালয় কেবল পড়ালেখার স্থান নয়; এটি শেখা, বেড়ে ওঠা এবং নিজেকে গড়ে তোলার ক্ষেত্র,” — বলেন অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।
দুই দিনের প্রাণবন্ত আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিজয়ীরা পদক ও সনদ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়জুড়ে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।