আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বুধবারও (৪ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ ও কারখানা ভাংচুর ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১০ টা থেকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় পুলিশের পাশাপাশি বিএনপি নেতাকার্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আমরা কিছুদিন ধরে লক্ষ করছি, গাজীপুরের গার্মেন্টস পল্লী খ্যাত টঙ্গীতে গত বেশ কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে একটি স্বার্থান্বেসী মহল শিল্প কারখানা ধ্বংসের মিশনে নেমেছে। বিভিন্ন দাবি আদায়ের নামে কিছু লোক শ্রমিকদেরকে ব্যবহার করে আন্দোলনের নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অনেক গার্মেন্টস কারখানা ভাংচুর করা হয়েছে। জোর করে শ্রমিকদেরকে কর্মবিরতিতে বাধ্য করছে। এসব নৈরাজ্য ও বিশৃংখল পরিস্থিতিতে অনেক কারখানা মালিক ও প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে টঙ্গীতে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে ও কেউ নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে তা প্রতিহত করতে অবস্থান কর্মসূচীর মাধ্যমে পাহারা বসিয়েছি।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এসময় টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, গাজী সালাউদ্দীন সাধারন সম্পাদক পূর্ব থানা বিএনপি, বিএনপি নেতা সবিরুল গাজী, বেনজির আহম্মেদ পিন্টু, নুরে আলম জিকু, লিপু মোল্লা, কাউসার আহম্মেদ, গাজী আমান, আমিনুল ইসলাম আমিন, মহসীন গাজী ও আসাদুজ্জামান মামুনসহ বিএিনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, বিসিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সরব থাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইব্রাহিম হোসেন। ফোন নম্বর: 01735936753। Office: বাড়ি #20;রোড #6;ব্লক #ই; মিরপুর#১২; পল্লবী, ঢাকা।