মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি
গতকাল বুধবার (৪ মার্চ) ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে পঞ্চগড়ের বোদা-মাড়েয়া সড়কের মাঝগ্রাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মহেন্দ্র ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় অটোরিকশাটি। এতে চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে আকলিমা (৪৫), স্বামী ময়নুল, এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সংবাদ পেয়ে বোদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক শুধু চলাচলের পথ নয়, এটি জীবনের সেতুবন্ধন। অসতর্কতা, বেপরোয়া গতি ও নিয়ম অমান্য করার প্রবণতা মুহূর্তেই কেড়ে নিতে পারে অমূল্য জীবন। চালক ও যাত্রী উভয়েরই দায়িত্ব সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং সতর্ক থাকা। আমাদের একটুখানি সচেতনতা হয়তো রক্ষা করতে পারে একটি পরিবারকে অপূরণীয়,একটি দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। এলাকাবাসী জানায় মহেন্দ্র চালকরা সব সময় বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং মহা সড়কের যত দুর্ঘটনা ঘটে তার মধ্যে অধিকাংশ মহেন্দ্র গাড়ির কারণে হয়।