মাধবপুর,হবিগঞ্জ প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে আলহাজ্ব হযরত শাহসূফী চাঁন মিয়া (রহঃ) চৌধুরী সাহেব (সুরমা সাহেব বাড়ি) এর মাজার পরিচালনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১ টায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, মাজারের ওরস উদযাপনকে সামনে রেখে বুধবার সকালে মাজারে সমবেত হন ভক্ত বৃন্দরা। কার নেতৃত্বে মাজারের ওরস উদযাপিত হবে এ নিয়ে শাহজাহানপুর ইউ/পি’র চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও সাইমন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় সংঘর্ষে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ মাজার এলাকায় যাওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য গত তিন বছর ধরে মাজার পরিচালনা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এ দু’পক্ষের মধ্যে। শাহসূফী চাঁন মিয়া (রহঃ) সাহেব একজন আধ্যাত্মিক পীর ছিলেন। এছাড়া সারাদেশে তাঁর অনেক ভক্ত অনুরাগী মুরিদান রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রোববার বার্ষিক ওরস অনুষ্টিত হয়। এতে সারাদেশ থেকে লাখো মুসুল্লির সমাবেশ ঘটে এই এলাকায়। সারারাত ব্যাপি মাজারে ওয়াজ মাহফিল, জিকির ও দোয়া অনুষ্টিত হয়। গরুছাগল জবাই করে অনেকেই মান্নত হিসেবে শিন্নি করেন। কিন্তু মাজার পরিচালনা নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, যিনির নামে মাজার রয়েছে উনার আত্মীয় স্বজনসহ ভক্তদের নিয়ে সারাবছর ওরস উদযাপিত হয়ে আসছে। কিন্তু গত ৩/৪ বছর রাজনৈতিক প্রভাব কাটিয়ে জোরপূর্বক মাজার দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দলের গুটিকয়েক লোক। যেটি মাজারের ভক্ত অনুরাগীরা মানতে রাজি নন।
এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।