আল আমিন মিয়া, মনোহরদী, নরসিংদী:
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মাধব চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের এক ব্যক্তির বসতবাড়ির টিনশেডের পুরাতন রান্নাঘরে কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে।
পরে রাত আনুমানিক ২টা ০০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (৩৬), রাসেল (২৮), আইনুদ্দিন (৬০), মোঃ সুজন (৩৬), শাহিন (৬৫), আব্দুল হক (৪১) এবং মোঃ সুরুজ মিয়া। তাদের সকলের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জুয়া খেলার ১২৭টি তাস এবং নগদ ১,৪৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে পরিবেশ নষ্ট করছিল এবং যুব সমাজকে বিপথে পরিচালিত করছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।