আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। গ্যাসের স্বল্পচাপের কারণে দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ অবস্থার স্থায়ী সমাধানের দাবিতে রোববার (২৬ জুলাই) দুপুরে নারী-পুরুষসহ শতাধিক বাসিন্দা টঙ্গী অঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ব্যবস্থাপকের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা “নো গ্যাস, নো বিল”সহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পরে তিতাস কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস পাওয়া যায় না। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক পরিবার ব্যাংক ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করলেও গ্যাসের সুবিধা না পেয়ে অতিরিক্ত ব্যয়ে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
তাদের অভিযোগ, বৈধ গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ সমস্যার কার্যকর কোনো সমাধান হয়নি। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে ৫৩ নম্বর ওয়ার্ডে আবাসিক গ্যাস সংযোগে স্বাভাবিক গ্যাস প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের সহকারী প্রকৌশলী আব্দুল ওহাব বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশেই গ্যাস সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব টঙ্গী এলাকাতেও পড়েছে। তবে স্থানীয়ভাবে অন্য কোনো কারিগরি সমস্যা থাকলে তা দ্রুত শনাক্ত করে