আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু তার প্রেতাত্মা (ভূতরা) এখনও দেশের মধ্যেই আছেন। তারা এখন দেশের মধ্যে থেকে
ষড়যন্ত্র করছেন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, দেশের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করছেন, তারা যে লুটপাট, চুরি করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন এগুলো ভুলতে পারছেন না। তারা ভাবছে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার চুরি করতে পারতাম, লুটপাট করতে পারতাম। এজন্যই দেশের শিল্পকারখানা বিশেষ করে পোশাক শিল্প ধ্বংসের জন্য উঠেপড়ে লাগছেন। তাদের সঙ্গে বাহিরের শক্তি কাজ করছে। তারাই করছেন যাদের স্বার্থ রয়েছে, তারা জানে আমাদের শিল্প ধ্বংস হলে তাদের দেশে কাজ চলে যাবেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ করে ফখরুল বলেন, এ শিল্পকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা নেতাকর্মীরা সবাই মিলে, শ্রমিকদের সঙ্গে নিয়ে এদের প্রতিহত করুন। মনে রাখবেন দেশের ৫০ লাখ মানুষ এ পেশার সঙ্গে জড়িত। আমাদের বৈদেশিক আয়ের সিংহভাগ এ শিল্প থেকে আসে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল বলেন, তার সময় আমাদের অনেক মানুষকে হত্যা করেছে, শ্রমিক দিনমজুর, ছাত্রদের হত্যা করেছে। নিজে ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে নির্যাতন করেছে। এখন আমরা দম ফেলতে পারছি, রাতে শান্তিতে ঘুমাতে পারছি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, ড. ইউনুসকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করেন। তিনি দেশের কয়েকজন বিশিষ্ট লোকদের নিয়ে সরকার গঠন করেছেন। আমরা তাদের বলেছি আওয়ামী লীগের জঞ্জাল মুক্ত করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে। আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার ও পার্লামেন্ট নির্বাচন করতে চাই। আমরা ভারত সরকারকে বলেছি যিনি খুনি, দেশে গণহত্যা চালিয়েছেন, অসংখ্য খুনের মামলার আসামি, যিনি দেশের গণতন্ত্র ধ্বংস করে তাকে আশ্রয় দেবেন। তারা আমাদের কথার জবাব দেয়নি। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলেছি অবলম্বনে দেশ ধ্বংসকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত পাঠাতে চিঠি দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ও হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও শ্রমিক দল কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার , গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ। সমাবেশে মহানগর ও জেলার শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নামে।।