এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ফ্রিজ-টিভি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সিংহশ্রী স্পোর্টস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এ টুর্ণামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্রীপুর উপজেলার ‘গোসিংগা প্রবাসী ফুটবল একাদশ’ ও ‘কুলগঙ্গা ফ্রেন্ডস ক্লাব’। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, মাদকমুক্ত সুস্থ ধারার যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই এমন চমৎকার একটা খেলা উপহার দেওয়ার জন্য আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সিংহশ্রী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সিংহশ্রী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল সরকার ও জাহাঙ্গীর মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এ ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ভূঁইয়া মানছুর।ধারাভাষ্যকার ছিলেন নজরুল ইসলাম বাবু।
১ ঘণ্টা ৩০ মিনিটের টান টান উত্তেজনাপূর্ণ খেলায় তিন-দুই গোলে বিজয়ী হয় গোসিংগা প্রবাসী ফুটবল একাদশ’। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।