মোরশেদুল আলম,সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ‘ফুড মিউজিয়াম’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুড মিউজিয়ামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে।
এ সময় একই এলাকার ‘দিঘীর পাড় রেস্টুরেন্ট’ পরিদর্শন করা হলেও সেখানে উল্লেখযোগ্য অনিয়ম না পাওয়ায় শুধু সতর্ক করা হয়।
কফিল উদ্দিন মাহমুদ জানান, “ভোক্তা সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত মনিটরিং করছি। যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সামনে আরও ব্যাপকভাবে এ ধরনের অভিযান চলবে। এলাকাবাসী অভিযানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।