আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শরীফ ওমর টুটুলকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোঃ খায়রুল আলম রফিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড এলাকায় সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হামিদ মন্ডল ও তার ছেলে সোহেলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে হামিদ মন্ডল বলেন, তিনি ঘটনাস্থলের পাশে ছিলেন, কিন্তু কে সাংবাদিক টুটুলকে আঘাত করেছে তা তিনি জানেন না।
ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ, টুটুলকে হত্যার উদ্দেশ্যেই তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
হাসপাতালে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর মোঃ খায়রুল আলম রফিক বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক টুটুলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনায় কারও রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে হামলাকারীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও জানান, সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তার করা না হলে গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ ও আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।
এদিকে আহত সাংবাদিক শরীফ ওমর টুটুল বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহকর্মীরা।