আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় নাগরিক সমস্যা ও এর সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজী পেয়ার আলী স্কুল মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ড্রেন ও খাল দখল-দূষণ বন্ধ, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কাজে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সচেতন হতে হবে।
সভায় ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার ও উন্নয়ন, হাজী পেয়ার আলী স্কুলে বহুতল ভবন নির্মাণ, কবরস্থান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন, মাদক প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ঐক্য, সংগঠন ও গণতন্ত্রের প্রত্যয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান টিপু, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার মিয়া এবং ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।