লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য চাঁদা সংগ্রহের নামে চাঁদাবাজির অভিযোগে তিনজন ভুয়া সমন্বয়ক আটক হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার মূলবাড়ী রেলগেট এলাকায় স্থানীয় জনতা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে আছেন ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের ওয়াদুদের মেয়ে বৈশাখী আক্তার, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী; পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাদ হাসান, সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী; এবং একই ইউনিয়নের রুদ্র বয়ড়া এলাকার সুরুজ আলীর ছেলে সিফাত আহমেদ, আলহাজ্ব মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নির্দেশে তারা ক্যান্সার রোগীর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলতেন। তবে বৈশাখী জানান, সংগৃহীত চাঁদার টাকা প্রতিদিন সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেওয়া হতো, এবং তিনি সেই টাকা কীভাবে ব্যবহার করতেন, তা জানেন না। রিফাদ ও সিফাতও সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন।
অভিযুক্ত আকুল মিয়া নিজে এ ধরনের নির্দেশনার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কাউকে ক্যান্সার রোগীর নাম ভাঙিয়ে চাঁদা তুলতে বলেননি। অন্যদিকে স্থানীয় শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকৃত সদস্যরা সরিষাবাড়ীতে নেই এবং শিক্ষার কাজে নিয়োজিত আছেন। তারা আরও দাবি করেন, অভিযুক্তরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন এবং প্রশাসনের উচিত এই ভুয়া সমন্বয়কদের বিষয়ে ব্যবস্থা নেওয়া।
এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ জানান, ক্যান্সার রোগীর নাম ব্যবহার করে চাঁদাবাজি করার সময় জনতা ওই তিনজনকে ধরে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়, এবং তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।