এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কৃতিসন্তান স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দিন শফি মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এব্যাপারে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৫ ডিসেম্বর বুধবার বিকালে তারাগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি গত বছর কেরানীগঞ্জ কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। সাধারণ সম্পাদক মাসুম সরকারের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, অধ্যাপক আলাল হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শিবলী আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাদা ভূঁইয়া, সদস্য সচিব মাসুম আকন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি খালেদ হোসেন খান প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহত সফিউদ্দিন উপজেলার বরাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদ থেকে অবসরে ছিলেন। ২৫ ডিসেম্বর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। পতিত স্বৈরাচারী শাসক গোষ্ঠী বিগত পাতানো সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত থাকার কারণে জাতিগঠনের এই কারিগরকে একাধিক মিথ্যা ও গায়েবি মামলায় আটক করে কারাগারে প্রেরণ করেন। অমানুষিক নিপীড়ন, নির্যাতন, বিনা বিচার আর বিনা চিকিৎসায় এবং চরম অযত্ন-অবহেলায় দীর্ঘদিন কারাভোগের পর গত বছরের ২৫ ডিসেম্বর কারাগারেই মৃত্যুবরণ করেন সাহসী এই বীর সেনানী।
বক্তারা বলেন, গত বছরের নভেম্বর- ডিসেম্বর মাসে গাজীপুর আদালতে কিছু দিন শফি উদ্দিনকে জামিন না মন্জুর, রিমান্ড, বিভিন্ন মামলায় আদালতের হাজিরা দিতে দিতে তিনি ছিলেন ক্লান্তশ্রান্ত। হয়ে পড়েছিলেন অসুস্থ। তাঁর শরীরে বাসা বেঁধেছিলো নানা রোগ। সঠিক চিকিৎসা ও যত্নের জন্য প্রয়োজন ছিলো জামিনের। কিন্তু সম্ভব হয়নি। এমনি পরিস্থিতিতে কনকনে শীতে জেলা কারাগারের হাসপাতালের বারান্দায় অসুস্থ ও কঙ্কালসার শফিক মাষ্টার খুবই দুর্বল হয়ে পড়েন। সে সময় তাঁর কথা বলার শারীরিক মানসিক শক্তি ছিলোনা।
শফি মাষ্টার ২৫ ডিসেম্বর চলে গেলেন না ফেরার দেশে। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। তবে স্বৈরশাসকও আজ আর নেই। তিনি স্বৈরশাসকের পতন দেখে যেতে পারেননি। শফিক মাষ্টারের মতো অসংখ্য নিপিড়ীত নির্যাতিত মানুষের আত্মত্যাগের সিঁড়ি বেয়েই এসেছে ফ্যাসিস্ট সরকারের পতন, এসেছে মুক্তি। এসেছে নতুন স্বাধীনতা। জাতি তাদের স্মরণ করবে অনন্তকাল।
বক্তারা আরো বলেন, শফি মাষ্টার পৃথিবীর আদালতে জামিন না পেলেও তাঁর উপর যে জুলুম করা হয়েছে তার বিনিময়ে যদি তিনি আখেরাতের আদালতে জামিন পান তাহলেই তিনি পরকালীন জীবনে সফলকাম হবেন। পরকালের জামিন কিন্তু স্বৈরাচারের কথায় হবেনা। আল্লাহ নিশ্চয়ই ন্যায় বিচারক। পরে সফিউদ্দিন মাষ্টার সহ মরহুম সকল দলীয় নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।