এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ( গাজীপুর ):
কাপাসিয়ায় এন এস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মার্চ,(১৩ই রমজান, শুক্রবার )
টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমত ও বরকত লাভের সুযোগ নিয়ে আগমন ঘটেছে ইবাদতবন্দেগী, আত্মশুদ্ধি ও সংযম রক্ষার মাস, পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে শুক্রবার এন এস স্পোর্টিং ক্লাব-টোক এর সকল সদস্যদের সম্মানে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতারে অংশগ্রহণ করেন সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শফিকুল ইসলাম, টোক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, যুবদলের আহ্বায়ক আ:রশিদ সরকার, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আরিফুল আলম সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জায়েদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান হুমায়ুন সভাপতি, টিএসডিএ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ। এ সময় আরো উপস্থিতি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আজিজুল হক, আল মামুনুর রশিদ, এড. শাহীন আলম, ইফতার ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রমিজ মিয়া, সদস্য সচিব তানভীর আহমেদ।
অত্র সংগঠনের সভাপতি মোঃ আল আমিন শেখ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ সুমন রানা বলেন মানবজাতির কল্যাণ ও মুক্তির মূল সংবিধান মহাগ্রন্থ আল কুরআন নাযিলের এই মাস মাহে রমজান সু-দীর্ঘ এক বছর পর আবারও আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এটি একটি সুন্দর উপহার। রমজান মাস আমাদের শিক্ষা দেয় পাপ মুক্ত হওয়ার, হিংসা বিদ্বেষ থেকে দুরে থাকার, লোভ লালসা ত্যাগ করার। আবার অন্যদিকে অনুপ্রাণিত করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার। রমজান মাস আমাদের কে শেখায় দু:খী ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করার এবং আমাদের অনুপ্রাণিত করে মানুষের পাশে দাঁড়ানোর। আলোচনা শেষে গোটা মুসলিম জাহানের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।