নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সরকারের ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এ জন্য নতুন কৌশলও নিয়েছে তারা। বিএনপি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার আন্তরিক নয় এবং সময়ক্ষেপণের চেষ্টা করছে। তাই সরকারকে চাপে রাখতেই বিএনপি বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
এই আলোচনা দুই সপ্তাহের মধ্যে শেষ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করবে দলটি। তারা চায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক।
সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সেখানে দলের নেতারা বলেন, সরকার নির্বাচন নিয়ে গুরুত্ব দিচ্ছে না, বরং সময় পিছিয়ে দেওয়ার আভাস মিলছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকেও নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি না মেলায় অসন্তোষ প্রকাশ করেছে দলটি।
বিএনপি মনে করে, নির্বাচনকে ঘিরে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সরকার গতি আনছে না।
তারা উদ্বিগ্ন যে, সরকার দ্রুত নির্বাচন না করলে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এজন্য বিএনপি সরকারকে চাপ দিতে ঐক্যবদ্ধ কৌশল নিচ্ছে। বৈঠকে বিএনপি নেতারা বলেন, তারা কোনো সহিংস আন্দোলন চায় না বরং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সময়মতো নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হতে পারে। বিএনপি মনে করছে, জনগণের অধিকার ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচন জরুরি।