এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ায় ট্রাফিক পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর জেলার ট্রাফিক বিভাগের সার্জন আতিকুর রহমান ২৩ এপ্রিল বুধবার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সার্জেন্টকে কিছু লোকজন ঘিরে রেখেছে। একই সময় কিছু লোকজন সার্জেনকে টানা হেচরা করছে। এ সময় ওই সার্জেন্ট ব্যাগ কাঁধে এক ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করছেন। পরে ওই ব্যক্তি সার্জেন্টকে সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা তাঁদের পিছু নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে বিভিন্ন ফেইসবুক আইডি থেকে ট্রাফিক সার্জেন্ট বিভিন্ন জনকে হয়রানি করা হয় বলে মন্তব্য করে।
স্থানীয় এলাকাবাসী মোঃ খোকন জানান, কাপাসিয়া ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম পাশে গাড়ির কাগজপত্র চেক করার নামে প্রতিদিনই ট্রাফিক পুলিশের ঘুষ বাণিজ্যে মানুষ অতিষ্ঠ। গাড়ির কাগজপত্র চেক করার সময় পুলিশের সাথে ড্রাইভারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ট্রাফিক পুলিশ ওই ড্রাইভারকে মারধোর শুরু করেন বলে দাবি করেন। তখন স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, দায়িত্বরত ট্রাফিক সার্জনের কাজে বাধা দেয়ার অপরাধে ওই ট্রাফিক সার্জেন্ট বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ভাইরাল ভিডিও পর্যালোচনা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানান।