আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে আরিফ (২৭) নামে এক বিকাশকর্মীকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজাদ নামে আরেক বিকাশকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও র্যাব।
আহত আজাদ জানান, তারা টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকার বিভিন্ন এজেন্টের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে টঙ্গী বাজারের সেনা কল্যাণ ভবনে অবস্থিত অফিসে ফিরছিলেন। পথিমধ্যে আনারকলি রোডে ডা. নাজিম উদ্দীন মার্কেটের পাশের একটি গলিতে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে আরিফের বুক ও পেটে গুলি লাগে। ছিনতাই প্রতিরোধ করতে গেলে আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এরপর ছিনতাইকারীরা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. নাহিদা সুলতানা বলেন, আহত আরিফের ডান পাশে একটি গুলির ক্ষত রয়েছে এবং বাম পাশে আরেকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।