ডেক্স নিউজ:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) “ফ্রি ইন্টারনেট ডে” পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান।
তিনি জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ৯ জুলাই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনায় বলা হয়, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট ফ্রি দিতে হবে।
যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
ফ্রি নেট পেতে ডায়াল করুন গ্রামীণফোন *121*1807# রবি ও এয়াটেল *4*1807# বাংলালিংক *121*1807# টেলিটক *111*1807#
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে সরকার।