শুনেছি বিপ্লবে ব্যাহতের স্পষ্ট আঘাত আসে প্রতিবিপ্লবে
অথচ চারিপাশে আজ দৃশ্যমান প্রবঞ্চনা প্রবঞ্চনা খেলা!
দেখেছি করুণ মাতৃহৃদয় সন্তানের অনিশ্চিত মৃত্যুতে
কত হাজার আর্তনাদ আর হাহাকার!
আমি দেখেছি এক অনিঃশেষ জুলাই,রক্তাক্ত জুলাই,বিপ্লব
আর অনুভবে মস্তিষ্ক আজ উন্মাদ,শহীদের রক্তের বাণী!
যেন মাঝরাস্তায় পড়ে থাকা গুলিবিদ্ধ বিপ্লবীর পরিহাস
যেন পঙ্গুত্ব আর ধ্বংসাত্মক জীবনের প্রাপকদের সূক্ষ্ম অনুতাপ।
স্মৃতির কপাট প্রবঞ্চক আর অন্যায়ের হাওয়ায় উঠে নড়েচড়ে
সুদীর্ঘ জুলাই এর সকাল-সন্ধ্যের নিরঙ্কুশ কারফিউ
আবার যেন হানা দেয় আবদ্ধ মস্তিষ্কে!
আবার যেন জেগে উঠে সাহসী জনতার লক্ষ সত্তা,
অন্ধকারে নেমে পড়ে যেন লাল সবুজের পতাকা।
সংস্কারের নির্মম প্রহর কাটছে রাত্রিদিন,
যেন রাষ্ট্রের সুবিশাল লীলা,
ক্ষমতার দাপটে বঞ্চিত জনতা, চিরদিন রবে কি অভাগা?
দু মুঠো তণ্ডুল, গণতন্ত্র, আর চিরন্তন
স্বাধীনতার তরে জীবনের নিশ্চিত ক্ষয়,
আর কত? আর কত?
নভেম্বর ১১, ২০২৪।
ইশরাত জাহান সুমনা
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়