সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় প্রকাশ্যে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেল পাঁচটার দিকে হরিতলা গ্রামের হযরত মন্তাজ শাহ মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাজারের পাশের একটি ঘরে বসে কিছু যুবক মাদক সেবন ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার আপত্তি জানালেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাঁদের দাবি, মাদকাসক্তদের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে হরিতলা গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মোখলেস মিয়া ও ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়াকে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখেন কয়েকজন যুবক। তাঁরা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ হামলায় একই গ্রামের গিয়াস উদ্দিন ভূইয়ার ছেলে বোরহান উদ্দিন ভূইয়া গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবন ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
স্থানীয় সচেতন নাগরিকেরা বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। তাঁরা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।