সোহেল কবির, নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার একটি সড়ক দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সংস্কারহীন পড়ে রয়েছে। বছরের পর বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের নজরে আসেনি—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর প্রশ্ন, একটি সড়ক টানা ২০ বছর সংস্কার না করেও কীভাবে পৌরসভার নজরের বাইরে থাকে? এই সময়ে কাঞ্চন পৌরসভায় একাধিক মেয়র পরিবর্তন হয়েছে, ৯ নম্বর ওয়ার্ডেও একাধিক কাউন্সিলর দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনপ্রতিনিধি বদলালেও বদলায়নি পূর্বপাড়ার এই সড়কের চিত্র।
স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। কোথাও রাস্তার মাটি ও ইট উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে উঁচু-নিচু অংশ। ফলে স্বাভাবিকভাবে রিকশা চলাচলেরও ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কের দুর্ভোগ আরও বেড়ে যায়।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করে। বেহাল সড়কের কারণে তাদের কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হয়। নারী, শিশু ও বয়স্কদেরও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি শোনা গেলেও নির্বাচনের পর এই সড়কের দুরবস্থার খবর যেন কেউ রাখে না।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি পৌরসভার একটি সড়ক যদি দুই দশক ধরে সংস্কার না হয়, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক—পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় পূর্বপাড়া কি আদৌ আছে?
তাদের দাবি, আর আশ্বাস নয়, এবার সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে কাঞ্চন পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছে অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের ভাষ্য, ২০ বছর অনেক দীর্ঘ সময়। আর কত বছর অপেক্ষা করলে পূর্বপাড়ার এই সড়কটি পৌরসভার নজরে আসবে—এটাই এখন এলাকাবাসীর প্রশ্ন।