রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে শিশু ও তরুণদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) উলিপুর পৌরসভার বাকরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে “স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (SDC)-এর অর্থায়নে, টেরেডেস (tdh) কারিগরি সহযোগিতায় এবং সলিডারিটি কর্তৃক কর্মসূচিটি পরিচালিত হয়।
জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকার প্রকল্পভুক্ত শিশু, কিশোর-কিশোরী ও তরুণরা এতে অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও জীবনদক্ষতা উন্নয়নের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশই এ প্রকল্পের মূল লক্ষ্য।
খেলার আগে দুই দলের মধ্যে জলবায়ু বিষয়ক পাঁচটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে যে দল বেশি সঠিক উত্তর দেয়, তাদের টসের সুযোগ দেওয়া হয়—যা খেলাটিকে একইসঙ্গে শিক্ষামূলক ও আকর্ষণীয় করে তোলে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ম্যাচে শিশু ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাকরের হাট দল চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী হয় এবং মাঝিরভিটা দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও লালদল ক্রীড়া সংঘের সভাপতি লক্ষণ সেনগুপ্ত, বাকরের হাট ফাজিল মাদ্রাসার প্রফেসর ও সিনিয়র সাংবাদিক সুলতান আহমেদ, SPiRiT ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম,বাকরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রকল্পের মনিটরিং অফিসার, এছাড়াও উপস্থিত ছিলেন, তারা মণ্ডল,কমিউনিটি ফ্যাসিলিটেটরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।