আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও ক্রেতাদের বিক্রয় রসিদ না দেওয়ার অভিযোগে জান্নাত ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানাধীন টি অ্যান্ড টি বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি, ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় জান্নাত ট্রেডার্সে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং ক্রেতাদের বিক্রয় রসিদ না দেওয়ার অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্য অনুসরণ, ক্রেতাদের বিক্রয় রসিদ প্রদান এবং ন্যায্য ও স্বচ্ছ বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করা বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।