শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
বার্ষিক পরিদর্শন উপলক্ষে টাঙ্গাইলে পৌঁছালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। পরে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইল প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ট্রাফিক অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। তিনি দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাগণ এবং ট্রাফিক অফিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বার্ষিক এ পরিদর্শনকে কেন্দ্র করে জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়।