আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুর ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা থানা প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুরা বাসস্টেশন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার সকালে টঙ্গী বাটা গেট এলাকায় উড়ালসেতুর ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি কর্মকর্তা সিদ্দিকুর রহমান নিহত হন।
বিক্ষোভকারীরা বলেন, পুলিশের কার্যকর ভূমিকার অভাবে ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার সন্ধ্যায় টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে ইমরান (২৫) নামের একজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে র্যাব-১ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, আটক ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া থানার সামনে জড়ো হওয়া এলাকাবাসীকে আশ্বাস দেওয়া হলে তাঁরা কর্মসূচি স্থগিত করে ফিরে যান।