সোহাগ মিয়া,মাধবপুর প্রতিনিধি::
দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা কবরস্থান অবশেষে দখলমুক্ত করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ, স্থানীয় মুরব্বি ও যুবকদের সম্মিলিত উদ্যোগে সোমবার বিকেলে পরিচালিত অভিযানে কবরস্থানটি দখলমুক্ত করা হয়।
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা পূর্ব মহল্লা হযরত মন্তাজ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কবরস্থান দখলমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। এ সময় কবরস্থান রক্ষায় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।
তারা জানান, কবরস্থান কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়; এটি পুরো এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। ভবিষ্যতে যাতে কেউ কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
কবরস্থান দখলমুক্ত করার উদ্যোগে সহযোগিতা করায় মাধবপুর থানা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে নিজেদের সময়, শ্রম ও সাহস দিয়ে পাশে থাকা গ্রামের মুরব্বি, যুবক ও সম্মানিত ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কবরস্থানসহ এলাকার সব গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।