এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চর দমদমা এবং কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৈষাধামনার মধ্যবর্তী স্থানে সংযোগকারী সেতু (ব্রিজ) উদ্বোধন করা হয়েছে। দুই গ্রাম ও দুই থানার মাঝে সেতুবন্ধনের লক্ষ্যে নির্মিত এই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় সেতুটির গুরুত্ব তুলে ধরে এক বক্তা বলেন, কাপাসিয়ার সাথে তাদের একটি ভালো সম্পর্ক তৈরি হবে। তিনি আরও বলেন, “আমি শুনেছি যে ওইপারে অনেক স্কুল-কলেজ আছে, এইপারের মানুষ ওইপারে স্কুলে যেতে পারবে, পড়াশোনাটা করতে পারবে, বিয়ে-শাদীও করাইতে পারবেন, কোনো অসুবিধা নাই”
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর ছেলে, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা উল্লেখ করেন, দুই বছর আগেও এই রাস্তায় চলাচলের কোনো উপযোগী পরিবেশ ছিল না। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ এবং সংশ্লিষ্টদের মেহনত ও পরিশ্রমে রাস্তা ও এই সেতু আজ বাস্তব রূপ লাভ করেছে। অনুষ্ঠান শেষে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।