সোহেল কবির স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজি, হামলা ও ফসল নষ্টের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চন পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বীরাবো বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দিয়ে বলেন,জমির দখল ও মাটি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে তাঁকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে।
অভিযোগকারী পক্ষের আগেই সংশ্লিষ্ট জমি কিনেছেন। পরবর্তী সময়ে অপর পক্ষ একই জমি কেনার পরও বিক্রেতার কাছ থেকে জমির দখল বুঝে নিতে পারেনি। কারণ, জমিটির দখল তাঁর কাছে রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
মোজাম্মেল হক আরও বলেন, মাটি বিক্রির টাকা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, সেটিও জমিজমাসংক্রান্ত বিরোধের সঙ্গে জড়িত। তাঁর দাবি, এলাকায় ইটভাটা থাকায় তিনি নিজেও দুটি ইটভাটা পরিচালনা করেন এবং প্রয়োজন অনুযায়ী মাটি কেনাবেচা করেন। প্রায় পাঁচ বছর আগে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তিনি মাটি কিনেছিলেন,পরবর্তী সময়ে মাটি বিক্রির বিষয়ে ওমর আলী নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর লেনদেন হয়। এ-সংক্রান্ত ১০ লাখ টাকার একটি স্ট্যাম্পে স্বাক্ষরযুক্ত দলিল তাঁর কাছে রয়েছে। ওই ব্যক্তি তাঁর কাছ থেকে টাকা নেওয়ার পর দেশের বাইরে চলে গেছেন বলে দাবি করেন মোজাম্মেল হক। পরে ওই ব্যক্তির বোনের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, জমি কেনার দলিল, টাকা লেনদেনের কাগজপত্র এবং সংশ্লিষ্ট মামলার নথি তাঁর কাছে রয়েছে। তাঁর দাবি, এর আগে তাঁর বিরুদ্ধে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করা হলে সেখান থেকে বিষয়টি তদন্তের জন্য থানায় পাঠানো হয় । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনও পাঠানো হয়ে থাকতে পারে বলে তিনি জানান। তবে তদন্ত প্রতিবেদনের চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
মোজাম্মেল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জমি ও মাটি কেনাবেচার বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি এ বিষয়ে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে কাঞ্চন পৌর ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক, সাজেদুল ইসলামসহ স্বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।