আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, গাজীপুরের মাটি ও মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন অধ্যাপক এম এ মান্নান স্যার। যে মানুষটি গাজীপুরবাসীর উন্নয়নে ও দেশের উন্নয়নে কাজ করেছেন। তিনি তার আদর্শ কর্মগুণের মধ্যে দিয়ে আমাদের মাঝে চির অম্লান হয়ে আছেন। তিনি গাজীপুরের বিএনপিকে সর্বস্তরে সুসংগঠিত করতে সবচেয়ে বেশি শ্রম দিয়েছিলেন। তার আদর্শ আমরা যেন অনুসরণ করতে পারি।
সোমবার (২৮ এপ্রিল) গাজীপুরের রাজবাড়ি বিএনপি’র প্রধান কার্যালয়ে গাজীপুর মহানগর যুবদলের আয়োজনে সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মান্নান স্যারের একমাত্র সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে নিয়ে মান্নান স্যারের অসমাপ্ত কাজ আমরা বাস্তবায়ন করবো। মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের কর্মসূচি সফল করবো। আগামীতে যে ভোটের রাজনীতি আসবে সেখানে আমরা একত্রিত ভাবে কাজ করবো।
সভায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন,
ফ্যাসিস্ট সরকার জনগনের আপনজন গণমানুষের নেতা জনপ্রিয় মেয়র অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীও পালন করতে দেয়নি। স্বৈরাচারমুক্ত হওয়ার কারণে আজ মৃত্যুবার্ষিকী পালন করতে পারছি। তিনি ছিলেন গাজীপুরের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী, গাজীপুরের জনগণ তাঁকে ভালোবাসতেন। আমার থেকে বেশি সময় আপনারা তাকে কাছে পেয়েছেন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে খাটিয়েছেন। চিকিৎসা করার সুযোগটি পর্যন্ত দেয়নি। তিলে তিলে তাকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। তিনি আজ আমাদের মাঝে নেই। আমি আমার বাবার রাজনৈতিক ক্যারিয়ার পেয়েছি। আমার বাবার স্মৃতি ধরে রাখতে সততা ও নিষ্ঠার সাথে আপনাদের পাশে থাকতে চাই।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে ও সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, মীর হালিমুজ্জামান ননিসহ প্রমুখ। ওই সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের অঙ্গ সংগঠনের নেতারা।