আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝামাঝি তুরাগ নদীর ওপর নতুন বেইলি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে টঙ্গী উড়ালসড়কের নিচে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। কিছুক্ষণ পর আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। প্রায় দেড় ঘণ্টা চলা এ কর্মসূচি সকাল ১১টা ২০ মিনিটে নেতাদের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অবরোধ শেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, টঙ্গী বাজারের ব্যবসায়ী এবং হাজারো সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার বলেন, টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয়।
এলাকাবাসী জানান, বিআরটি প্রকল্পের কারণে টঙ্গীতে উড়ালসড়ক নির্মাণ হলে পুরোনো তুরাগ সেতু ভেঙে সেখানে বেইলি সেতু নির্মাণ করা হয়। কয়েক মাস আগে একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা একাধিকবার দাবি জানালেও নতুন বেইলি সেতু নির্মাণ বা সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ব্যবসায়ী ছাড়াও বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক থানা সভাপতি আসাদুজ্জামান কিরণ,টঙ্গী পূর্ব থানার দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী,বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার মো. কামাল উদ্দিন, টঙ্গী বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারসহ টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার এলাকার ব্যবসায়ীরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই সড়ক সংস্কার ও সেতু নির্মাণ না হলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।