আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কি সেটা আমাদের জানতে হবে এবং তা জেনে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। ৩১ দফা হলো বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ঘোষিত একটি কর্মপরিকল্পনা, যা তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতি হিসেবে দিয়েছে। এই ৩১ দফার মূল লক্ষ্য হলো: প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন, গণমাধ্যম, অর্থনীতি ও নাগরিক অধিকারসহ রাষ্ট্রের বিভিন্ন খাতকে সংস্কার করে “গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র” গঠন করা। এই ৩১ দফা কোনো দলের নয়, এটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র গড়তে চাই।
দেশের চলমান সংকট মোকাবিলা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়ের সমাজ গঠনে বিএনপির এই কর্মসূচিই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে।
তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে গাজীপুর সবচেয়ে বেশি মামলা খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। দল যদি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে, তাহলে গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন আমি পাবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আরিফ হোসেন হাওলাদারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
সভা পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আমিনুর রহমান মধু ওয়ার্ড বিএনপি সভাপতি নিশাত মাহমুদ জালাল, নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল, যুবদল নেতা জসিম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।