এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়া থেকে প্রায় ৫’শ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা এসব মদ উদ্ধার করা হয়।
থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জন নারী এবং অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাসসহ ৩ জন পুরুষকে আটক করেছে। কয়েক ঘণ্টার এই টানা অভিযানে মাটির নিচে পুতে রাখা বিভিন্ন ড্রাম ও পাত্র থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সফল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মদের বিষয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত ৪ জন নারী ও ৩ জন পুরুষকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।