রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক হাজার আটশতটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় নাজির হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, হারুন আর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নাজির হোসেনকে কিছুদিন আগেও গ্রেফতার করা হয়।জামিনে বেরিয়ে সে আবারো একই ব্যবসা শুরু করেন।
অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।