সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার প্রতিরোধ ও চোরাচালান বন্ধে সতর্কবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় সীমান্তের কয়েকটি এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা গেছে। ঈদের দিন থেকে আগামী কয়েকদিন পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে বলে জানা গেছে। সীমান্তে বিজিবির পাশাপাশি সরকারের অন্যান্য প্রশাসনেরও নজরদারি রয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসানউল ইসলাম। তিনি প্রেসব্রিফিং এর মাধ্যমে জানান রামগড়ে যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভবনা থাকে সেসব এলাকাকে বেশি নজরদারি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়াও পাচার প্রতিরোধে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও চেয়েছি। রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসানউল ইসলাম আরো জানান সাম্প্রতিক কালে সীমান্ত দিয়ে পুশইন একটা বড় সমস্যার কারণ তাই আমরা পুশইন বিষয়টি নজরদারিতে রেখেছি, বিশেষ করে রাতে টহল ব্যবস্থা জোরদার করা হয় যাতে কেউ ভারতে চামড়া পাচার করতে না পারে। ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানান তিনি।