এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের ছবি ব্যবহার করে ‘কাপাসিয়ার নিউজ’ নামে একটি ফেসবুক আইডি তৈরি ব্যবহার করা হয়েছে। এবং সেই আইডি থেকে একটি রাজনৈতিক দলের বিভিন্ন পোস্ট দেয়া হচ্ছে। ৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এ বিষয়ে কাপাসিয়া থানায় ইউএনও মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের ছবি ব্যবহার করে ‘কাপাসিয়ার নিউজ’ নামে একটি ফেসবুক আইডি চলমান রয়েছে। ফেসবুক আইডিটির প্রোফাইল ছবিতে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যরত একটি ছবি। সেই সাথে আইডিটির কাভার ছবিটিতে দেখা যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গাজীপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বলেন, এভাবে অন্যের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কোন আইডি বা ফেইসবুক পেজ আমি ও আমার অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করে না। কেউ তা দেখে বিভ্রান্ত হবেন না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানানো হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ইউএনও মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে এই ফেইসবুক আইডিটি কে ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে।