শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় থেকে লিফলেট বিতরণের কর্মসূচি শুরু করেন তিনি। পরে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, কালিহাতীর জনগণ পরিবর্তন চায়, তারা বিএনপির নেতৃত্বে সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।