আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি, এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার সকাল ১০টার পর থেকে টঙ্গী কলেজগেট ও স্টেশন রোড এলাকায় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অবরোধ চলাকালে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড—যেগুলোতে গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবি লেখা ছিল। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচি বেলা ১১টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে নেতাকর্মীরা স্বেচ্ছায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হোসেন হাওলাদার, প্রভাষক বশির উদ্দিন ও হাজী জসিম উদ্দিন ভাট প্রমুখ। একই সময়ে স্টেশন রোড এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন এবং সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।
অন্যদিকে, একই দাবিতে টঙ্গী এশিয়া ফিলিং স্টেশনের সামনে মানববন্ধন করে জামায়াতে ইসলামীর প্রার্থী ও তাঁর সমর্থকেরা। তারা দ্রুত হাইকোর্টের রায় প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গাজীপুর জেলা ও মহানগর মিলিয়ে সংসদীয় আসন সংখ্যা আগে পাঁচটি ছিল। পরবর্তীতে তা ছয়টিতে উন্নীত করা হয়, কিন্তু হাইকোর্টের এক রায়ে আবারও পাঁচটি আসন বহাল থাকে। এ সিদ্ধান্তে সম্ভাব্য প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসন পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজগেট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১১টা পর্যন্ত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলেছে বলে জানা গেছে।