আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আ. আলিম খান যুবরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির কার্যালয়ে গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো. তাজুল ইসলাম বেপারী বলেন,
জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে আমরা অংশ নিয়েছি। কিন্তু পরিতাপের বিষয়, একটি কুচক্রী মহল আক্রোশমূলকভাবে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী গণঅভ্যুত্থানকে পুঁজি করে বিস্ফোরক আইনে আমাদের সহযোদ্ধা, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আ. আলিম খান যুবরাজের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা নং ৮(৮)২৪ এবং কালিয়াকৈর থানায় ১৪(২)২৫—দুটি মিথ্যা মামলা দায়ের করে। এসব মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাবন্দী।
তিনি আরও বলেন, যুবরাজ বিএনপির একজন সক্রিয় কর্মী। পুলিশ কোনো সঠিক তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পতিত সরকারের দোসর কুচক্রী মহল শুধু মামলা দিয়েই ক্ষান্ত হয়নি, বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে তার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের হুশিয়ার করে বলতে চাই—এ ধরনের ঘৃণিত কাজ করে ফায়দা লুটার চেষ্টা করে লাভ হবে না, ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদেরও কোনো অস্তিত্ব থাকবে না।
তিনি প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—আপনারা সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে আমরা ন্যায়বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে নামবো এবং আমাদের সহকর্মীকে আইনি পথে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা ও সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য মো. কামাল আহমেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।