আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের টঙ্গীতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর বড় দেওড়া ও আউচপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।
জানা যায়, টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়ার ‘মায়ের দোয়া প্লাস্টিক’ এবং আউচপাড়ার ‘মারফত এন্টারপ্রাইজ’ নামের কারখানা দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে তালা ভেঙে কারখানায় প্রবেশ করে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “জব্দকৃত পলিথিন ধ্বংস করা হচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযানের সময় বড় দেওড়ার সিংবাড়ী রোডের ‘আল আরাফ’ নামের একটি সুতার কারখানাতেও অভিযান চালানো হয়। সেখানে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় পরিবেশ সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় সুপারিশ করা হয়েছে।
অভিযান শেষে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে ডেসকো কর্তৃপক্ষ।