সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে খাগড়াছড়ির রামগড়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা টানা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। সারাদেশের মতো রামগড়েও টানা তৃতীয় দিনের মতো এ কর্মবিরতি চলছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে দেশের অন্যান্য জেলা-উপজেলার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সম্মিলিত দাবি আদায় ঐক্য পরিষদের জেলা শাখার সদস্য সচিব ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মহসিন, পরিবারকল্যাণ পরিদর্শিকা মমতা দেবী ত্রিপুরা, অঞ্জু নাথসহ অন্যান্য কর্মীরা।
বক্তারা জানান, সারাদেশে প্রায় ৩৪ হাজার পরিবার পরিকল্পনা কর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি ও প্রজনন স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা, পুষ্টি পরামর্শ এবং টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা doorstep বা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
তাদের অভিযোগ, চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও নিয়োগবিধির অনুপস্থিতির কারণে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি এবং অন্যান্য সুবিধা থেকে তারা বঞ্চিত। পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণির পদে যোগ দিলেও দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির বেতন পেয়ে আসছেন—যা কর্মীদের ভাষায় “চরম বৈষম্য”।
বক্তারা আরও জানান, দীর্ঘদিনের এই বৈষম্যের দ্রুত সমাধান না হলে তারা পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।