মানিকগঞ্জ প্রতিনিধি :
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যেন লেখা পড়া করে মানুষের পাশে দাড়াতে পারে। সমাজের বিত্তবান মানুষদের সেই সুযোগ করে দিতে হবে। কারণ একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর জীবন গড়ে তোলা আমাদের দায়িত্ব।
শনিবার (২২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম ছেলে মেয়েদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার এ্যাড বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মাসুদ করিম নান্নু উপস্থিত ছিলেন।
এসময় দিলারা মোস্তফা আরো বলেন, সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সকলের সন্তানদের লেখা পড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। প্রতিটি পিতা মাতার কর্তব্য হচ্ছে তাদের সন্তানের ভালো ভাবে খেয়াল রাখা। আগামীর সুন্দর সমাজ গড়তে হলে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।