মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইনের গণসংযোগে ব্যাপক সাড়া
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে ট্রাক প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বুধবার দিনভর তিনি ঘিওর উপজেলার বটতলা, শোলধন, কেল্লা বানিয়াজুরি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ জনসমুদ্রে রূপ নেয়।
গণসংযোগকালে মোহাম্মদ ইলিয়াছ হুসাইন এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের নানাবিধ সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন। স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্বের অভাবের কথাও প্রকাশ করেন এলাকাবাসী।
এ সময় পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে মানিকগঞ্জ-১ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কাজ করবো। মানুষের ন্যায্য অধিকার আদায়, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীক উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক রাজনীতার বার্তা বহন করে। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই।”
গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণার সময় সাধারণ মানুষের মধ্যে ট্রাক প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের আশায় মোহাম্মদ ইলিয়াছ হুসাইনের প্রতি সমর্থন জানান।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি মাঠে নেমে মানুষের কথা শুনছেন এবং সমস্যার বাস্তব সমাধানের আশ্বাস দিচ্ছেন। এতে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।